বইয়ের সুবাসে নতুন বছর শুরু: ডিমলার সোনার তরী মডেল একাডেমিতে - বই উৎসব ও দায়িত্ব হস্তান্তর

নাঈম ইসলাম, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার ডাংগার হাটে অবস্থিত 'সোনার তরী মডেল একাডেমি'-তে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। ১লা জানুয়ারি সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই 'বই উৎসব' শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে।
এবারের বই উৎসবের বিশেষ দিক ছিল প্রতিষ্ঠানের নতুন দায়িত্ব গ্রহণ। জানা গেছে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসেন স্যারের কাছ থেকে প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষক শ্রী বিকাশ চন্দ্র রায় স্যার। দায়িত্ব হস্তান্তরের এই মুহূর্তে নতুন উদ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। হাতে নতুন বই আর মনে নতুন জয়ের স্বপ্ন নিয়ে তারা বছর শুরু করেছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা এই আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, "শিক্ষা আমাদের নিজস্ব রত্ন। নতুন বইয়ের সুবাস শিশুদের পাঠে আরও আগ্রহী করে তুলবে। শ্রী বিকাশ চন্দ্র রায়ের নেতৃত্বে এবং আনোয়ার হোসেন স্যারের দিকনির্দেশনায় বিদ্যালয়টি সাফল্যের পথে আরও এগিয়ে যাবে।"



