বাগেরহাট প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম বাদশা এর রিপোর্ট । বাগেরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে কোস্ট গার্ড গাঁজা ও ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (আজ) সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার চুলকাটি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুইজনকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে প্রায় ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা স্থানীয় পর্যায়ে মাদক সরবরাহের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রি করত। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের পরবর্তী প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড কর্তৃপক্ষ আরও জানায়, বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে মাদক, চোরাচালান ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের ভয়াবহ প্রভাব রোধে সকলের সহযোগিতা কামনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।