বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম বাদশা  বাগেরহাট সদর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় ৯ মাস বয়সী এক শিশুকে হত্যার পর তার মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (আজ) সকালে একটি বাড়ি থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা প্রথমে নিজের ৯ মাসের সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে পাঠায়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পারিবারিক কলহ বা মানসিক চাপ থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।