বাগেরহাট প্রতিনিধি: মোঃ রবিউল ইসলাম বাদশা  বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে আজ আনন্দঘন পরিবেশে ৭৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের কর্মকর্তা, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বালিশে হাঁটা, চামচে লেবু দৌড়সহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।