নিজস্ব প্রতিবেদক: নরসিংদী থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। আজ (শুক্রবার) সকাল ১০টা নাগাদ ট্রেনটি ঢাকার বিমানবন্দর স্টেশন অতিক্রম করার পরপরই এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলসূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় হঠাৎ ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়ে সম্পূর্ণভাবে ভেঙে যায়। এতে ট্রেনটি বিকট শব্দে কেঁপে ওঠে এবং থেমে যায়। তবে চালকের দক্ষতায় এবং মহান আল্লাহর অশেষ রহমতে বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার সময় ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে এবং ঝাঁকুনিতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে আশার খবর হলো, আহতরা সবাই শঙ্কামুক্ত এবং অন্যান্য যাত্রীরা সুস্থ ও নিরাপদ আছেন। রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।