ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

আখাউড়া প্রতিনিধি : সিজান সরকার
ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার নাসিরনগরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীরা এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।
অনুষ্ঠানে (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের) মনোনীত প্রার্থী (ইঞ্জিনিয়ার শরীফ মৃধা) তাঁর ইশতেহারে মানবিক সমাজ গঠন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেন। (বিএনপির) প্রার্থী (এম এ হান্নান) তাঁর বক্তব্যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্ব দেন। (বাংলাদেশ জামায়াতে ইসলামীর) প্রার্থী (আমিনুল ইসলাম) ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়ের কথা তুলে ধরেন।
এ ছাড়া অনুষ্ঠানে আরও কয়েকজন প্রার্থী উপস্থিত থেকে তাঁদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিনা শারমিন। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাসিরনগর সেনা ক্যাম্পের প্রধান ও থানার পুলিশ প্রধানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।



