তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারীদের সঙ্গবদ্ধ হামলায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম মো. আলী উজ্জামান। হামলায় তার মাথা ফেটে যায়।   ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুর এলাকায়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে গেলে মাদক কারবারীরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় কনস্টেবল মো. আলী উজ্জামান মাথায় গুরুতর আঘাত পান।   আহত কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।   ওসি আরও জানান, ঘটনার পর অভিযান চালিয়ে একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার সঙ্গে জড়িত অন্যরা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় আজ শনিবার ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।