তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠেরপুল এলাকায় একটি হোমিও চিকিৎসাকেন্দ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে প্রশাসন।
শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার এই অভিযান পরিচালনা করেন। অভিযানে কাঠেরপুলস্থ হালিমা হোমিও হল থেকে ৩৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির মালিক শ্যামলী পারভীন (৪৫) কে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। তিনি ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া এলাকার বাসিন্দা। অভিযানে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা আদায় শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা গেছে, শ্যামলী পারভীন দীর্ঘদিন ধরে হোমিও ওষুধের আড়ালে ভারতীয় ‘RHUSTOX 30’ নামে অ্যালকোহলসমৃদ্ধ পণ্য বিক্রি করে আসছিলেন। অভিযানকালে তিনি নিজের অপরাধ স্বীকার করেন।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কার্যক্রম এলাকায় দীর্ঘদিন ধরে চলছিল এবং এতে যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ মাদক ও মদবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।