ভোটের শুরুতেই সরব দৌলতপুর, পুরুষ ভোটারদের উপস্থিতি বেশি

তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হতেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। দিন শুরুর আগেই অনেক কেন্দ্রে লাইন গড়ে ওঠে। উপজেলার এসবি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ রফিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।
সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। সকালবেলায় নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি কিছুটা বেশি ছিল।
সকাল সাড়ে আটটার দিকে শহীদ রফিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাকে আনন্দিত করেছে। তবে দুই একটি বিচ্যুতির কথাও উল্লেখ করেন তিনি।
দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ১৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩ হাজার ৪৯২ জন, নারী ভোটার ২ লাখ ১ হাজার ১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।
এ আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মাঠের আলোচনা বলছে, মূল লড়াইটি হচ্ছে ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের মধ্যে। দিনভর ভোটের হার ও পরিস্থিতি কেমন থাকে, এখন সেদিকেই নজর সবার।



