মধ্যরাতে ডিবি পুলিশের অভিযানে ইভ্যালির শীর্ষ দুই কর্তা গ্রেপ্তার

চিফ রিপোর্টার আজিজুল হক
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মোহাম্মদ রাসেলকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই দম্পতির বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। ধানমন্ডি, সাভার ও কাফরুল থানা মিলিয়ে তাদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার সংখ্যা ২০০-এর বেশি। গ্রেপ্তারের বিষয়টি ধানমন্ডি থানাকেও অবহিত করা হয়েছে।
এর আগে গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ২০২১ সালের সেপ্টেম্বরে তারা প্রথমবার গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে আদালত থেকে জামিন পেয়ে ২০২২ সালের এপ্রিলে শামীমা এবং গত ডিসেম্বরে রাসেল কারাগার থেকে বের হন। কিন্তু পুরনো মামলার পরোয়ানায় আবারও তাদের আইনের আওতায় আনা হলো।



