তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:   প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপনের অভিযোগে আলোচনায় এসেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি বিতর্কের জন্ম দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা মরহুম কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন। আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে দেওয়া লিখিত বিবৃতিতে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন করা একজন ইসলামি বক্তার জন্য অশোভন ও অগ্রহণযোগ্য আচরণ। তিনি বিষয়টিকে দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন। কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, জেলা বিএনপি এ ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তার এই বক্তব্যের কারণে দেশজুড়ে সমালোচনা শুরু হলে তিনি ফেসবুকে একটি ব্যাখ্যামূলক পোস্ট দেন। সেখানে তিনি জানান, ভিডিওটি ২০২৩ কিংবা ২০১৯ সালের দিকে চট্টগ্রামের একটি তাফসির মাহফিলের। নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে তিনি উদাহরণ দিতে গিয়ে ভুল করেন এবং তখনই ভুল স্বীকার করে সংশোধন করেছিলেন।আমির হামজা বলেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ভুল হলে তা স্বীকার করাই উচিত। দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার মধ্যে অনিচ্ছাকৃতভাবে স্লিপ অব টাং হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, পরবর্তীতেও লাইভ অনুষ্ঠানে বিষয়টি অনাকাঙ্ক্ষিত ছিল বলে ব্যাখ্যা দিয়েছেন।বর্তমানে আবারও তিনি দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পুরোনো বক্তব্যকে নির্বাচনকালীন সময়ের বক্তব্য হিসেবে উপস্থাপন করে একটি মহল রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করছে। এতে করে মরহুম একজন ব্যক্তিকেও বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।শেষে তিনি মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন। এই ঘটনার পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।