রানীশংকৈল প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টু  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকদের স্বার্থ রক্ষায় ভেজাল বালাইনাশক বিক্রি ও অনুমোদন ছাড়াই সার মজুদ করার অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযানে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শখের টাউন বাজার ও নেকমরদ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। অভিযানকালে শখের টাউন বাজারে ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে মেসার্স মেহেদী ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে নেকমরদ বাজারে লাইসেন্স ও বিধি লঙ্ঘন করে সার মজুদ করার অপরাধে মঞ্জু ট্রেডার্সকে ১০ হাজার টাকা, আঁখি ট্রেডার্স ও লাকী ট্রেডার্সকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, “কৃষকদের ক্ষতি করে এমন কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। ভেজাল বালাইনাশক বিক্রি কিংবা অবৈধভাবে সার মজুদ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”