শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নাটকীয় মোড় নিয়েছে নির্বাচনি মাঠ। বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থী। এর ফলে এই আসনে ধানের শীষের পাল্লা আরও ভারী হলো বলে মনে করছেন স্থানীয়রা। আজ ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) গোলাকান্দাইল বিএনপির নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন (ট্রাক প্রতীক)। সংবাদ সম্মেলনে তিনি রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চুসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, গত ৪ ফেব্রুয়ারি (বুধবার) পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হাড়ারবাড়ি এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন (জাহাজ প্রতীক)। তিনিও বিএনপির নেতাদের হাতে প্রতীক তুলে দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন বলেন, 'তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জীবন-মরণের সংগ্রাম। এই সংগ্রামে ধানের শীষের জয়লাভ ছাড়া বিকল্প নেই। তাই বড়ো ভাই মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন দিয়ে আমি মাঠ থেকে সরে দাঁড়ালাম'।