শনিবার নদীপাড়ের কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা।

মোঃহাবিবুর রহমান খান চাঁপাইনবাবগঞ্জ
শনিবার সদর উপজেলার বালিয়াডাংগা ইউনিয়নের শ্রীরামপুর ঘাট এলাকায় নদীর পাশের কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে রবিউল আউয়াল নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাকে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, নদীর তীরভূমি ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং কৃষিজমির স্থায়ী ক্ষতি সাধন করে। এসব কারণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও নদী ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



