ফজলে করিম মোঃ নাজমুজ্জামান, সিনিয়র রিপোর্টার: শাকসু (SHAKSU) নির্বাচন আকস্মিকভাবে স্থগিত করার প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ। আজ (বুধবার) জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি হাসান আল মামুন এবং জেলা সেক্রেটারি ফকির মাহবুব আলম। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা নির্বাচন স্থগিতের তীব্র নিন্দা জানান। তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মাধ্যম ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পেয়ে কর্তৃপক্ষ তালবাহানা শুরু করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান। মিছিল চলাকালে নেতাকর্মীরা নির্বাচন চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।