স্টাফ রিপোর্টার আব্দুল বাছির সাদী  ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওরা গ্রামে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলটি নেতাকর্মীদের মাঝে গভীর শোক, শ্রদ্ধা ও ঐক্যের আবহ সৃষ্টি করে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বিএনপি ও জমিয়ত মনোনীত জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। মোনাজাতে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিশেষ দোয়া করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও ত্যাগকে ধারণ করে তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা রাখবেন।