সংস্কার প্রশ্নে মিল-অমিল স্পষ্ট, পিআর নিয়েই মূল মতভেদ: মজিবুর রহমান মঞ্জু

ফেনী প্রতিনিধি,
এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে মৌলিক ঐকমত্য রয়েছে। তবে সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতপার্থক্য স্পষ্ট হয়েছে, বিশেষ করে বিএনপির সঙ্গে।
তিনি জানান, ঐক্যমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়ার সময় দেখা গেছে—সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে সবাই একমত হলেও ‘কীভাবে সংস্কার হবে’ সেই প্রশ্নে এসে বিভাজন তৈরি হয়। আলোচনায় উঠে আসে, কিছু বিষয়ে বিএনপির সঙ্গে মতের মিল থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্য গড়ে ওঠেনি। তবে আটটি দলের মধ্যে তুলনামূলকভাবে অধিক সমন্বয় লক্ষ্য করা গেছে।
মজিবুর রহমান মঞ্জু বলেন, “মূলত আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়েই মতানৈক্য দেখা দেয়। তারা বিষয়টি এখনই চেয়েছিল, আর আমরা ধাপে ধাপে বাস্তবায়নের পক্ষে ছিলাম। এ ছাড়া অন্যান্য সংস্কার বিষয়ে আমাদের মধ্যে বড় কোনো পার্থক্য ছিল না।”
তিনি আরও জানান, ওই সময় থেকেই রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা চলছিল। এরই ধারাবাহিকতায় চরমোনাই পিরের পক্ষ থেকে দেশপ্রেমিক শক্তিগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের প্রস্তাব আসে। পরবর্তী আলোচনায় দুর্নীতিবিরোধী অবস্থান, জুলাই সনদ এবং হাদি সংশ্লিষ্ট ইস্যুতে একমত হওয়া সম্ভব হয়।
ফেনী সদর উপজেলার ধলিয়া এলাকায় ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়ার বাড়িতে তাবার বাবার কবর জিয়ারত শেষে এক উঠান বৈঠকে এসব কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান।
এর আগে বৃহস্পতিবার লেমুয়া বাজারে গণভোটের পক্ষে প্রচারণা চালিয়ে সাধারণ ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের এক প্রশ্নের জবাবে মজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি গণভোটের বিরোধিতা করছে—এমন ধারণা সঠিক নয়। কারণ তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং সংস্কার সংক্রান্ত যে বিষয়গুলো আলোচনায় রয়েছে, তার অধিকাংশই বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যে অন্তর্ভুক্ত। তিনি বলেন, “আমরা চাই গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হোক। এতে দেশব্যাপী মৌলিক ও ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে।”
নির্বাচনী সমঝোতা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো আনুষ্ঠানিক জোট নয়, বরং নির্বাচনি বোঝাপড়া। তার ভাষায়, “জোট গঠন সহজ বিষয় নয়। এখানে নির্বাচন-পরবর্তী নানা বাস্তবতা কাজ করে। মাঝামাঝি অবস্থানে থাকলে কোথাও বিএনপির বিরোধী, আবার কোথাও জামায়াতের বিরোধী হিসেবে বিবেচিত হতে হয়।”
তিনি আরও জানান, সংস্কার প্রশ্নে ঐকমত্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ১১টি দল একমত হয়েছে এবং আগামী দুই-এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত রূপ পেতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলমদ বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সদস্য কাজী শরীফুল ইসলাম দীপ্ত, রোটারিয়ান নজরুল ইসলাম সবুজ এবং পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।



