আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্তবর্তী কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় নিরাপত্তা তৎপরতা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, রাত প্রায় দেড়টার দিকে পোল্ট্রিমোড় চর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ৪৭ বিজিবির বাগোয়ান কেসিভিএন উচ্চ বিদ্যালয় বেইজ ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি দেশীয় শুটার গান উদ্ধার করা হয়। পাশাপাশি দুইটি বড় রামদা, পাঁচটি ছোট রামদা, পাঁচটি হাসুয়া, একটি চাপাতি ও একটি ছুরিসহ মোট ১৪টি ধারালো অস্ত্র জব্দ করা হয়।
বিজিবি সূত্রের প্রাথমিক ধারণা, নির্বাচনের সময় সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র সীমান্ত এলাকা দিয়ে আনা হচ্ছিল। ড্রোন ক্যামেরায় এআই প্রযুক্তি ব্যবহার করে সন্দেহজনক অবস্থান শনাক্ত করা হয়, যা অভিযানের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তপশিল ঘোষণার পর থেকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ইতোমধ্যে ১৩ জন আসামিসহ আটটি বিদেশি পিস্তল, দুইটি দেশীয় শুটার গান, ১২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি ও ১৪টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে বিজিবি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ করেছে বলেও জানানো হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করছে বিজিবি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও তিনি জানান।নির্বাচন ঘিরে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সীমান্ত এলাকায় এই ধরনের তৎপরতা আরও জোরদার থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।সীমান্তে কড়া নজরদারি: দৌলতপুরে রাতের অভিযানে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার

তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:



