সেনাবাহিনী মাঠে থাকায় কক্সবাজারে ফিরছে স্বস্তি

ক্রাইম রিপোর্টার আব্দুল করিম
কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ১ ০ পদাতিক ডিভিশনের নিয়মিত টহল ও যৌথ অভিযানে জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় মোট ৬১টি সফল যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাত, কিশোর গ্যাং সদস্য, চোরাকারবারি এবং বিভিন্ন মামলার পলাতক আসামিসহ মোট ৮০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গোলাবারুদ, ৯৩টি দেশীয় ধারালো অস্ত্র, একটি ড্রোন, একটি ওয়াকিটকি এবং প্রায় ১৩ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ২০১ পিস ইয়াবা, ৫৪১ লিটার দেশীয় মদ, ২৩ লিটার বিয়ার ও ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই যৌথ অভিযান আরও জোরদার করা হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড দমন ও গুজব প্রতিরোধে সেনাবাহিনী নিয়মিত টহলের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
১০ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে, সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সেনাবাহিনী মাঠে সক্রিয় থাকবে।



