নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায় চার দিন ধরে নিখোঁজ ৯ বছরের শিশু রাজির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর তীরে কলাগাছের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের দুটি চোখ উপড়ানো অবস্থায় ছিল বলে জানা গেছে। নিহত শিশু রাজি হবিগঞ্জ পৌরসভার তেঘরিয়া এলাকার বাসিন্দা মাওলানা মাহবুবুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে রাজি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। অবশেষে নিখোঁজের চার দিন পর মঙ্গলবার রাতে খোয়াই নদীর পাড়ে তার লাশ পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। শিশুটির এমন নৃশংস মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে উদ্বেগ প্রকাশ করে এলাকাবাসী প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।