তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার একটি বহুতল ভবন থেকে এক মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সামিয়া নিঝুম, বয়স ২২ বছর। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাউজিং ই-ব্লক এলাকার ওই ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সামিয়া পাবনা জেলার চাটমোহর থানার ছোট শালিখা এলাকার আবদুস সালামের মেয়ে। পড়াশোনার সুবাদে তিনি ওই ভবনে একাই সাবলেট নিয়ে থাকতেন। ভবনের দেখাশোনার দায়িত্বে থাকা রিয়াজ উদ্দিন জানান, রাতে সামিয়ার বাবা ফোন করে মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পারার কথা জানান এবং কক্ষটি খোঁজ নিতে বলেন। পরে একাধিকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভাঙার চেষ্টা করা হয়। বিষয়টি ৯৯৯ নম্বরে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একই ভবনে থাকা কুষ্টিয়া মেডিকেল কলেজের আরেক ছাত্রী জানান, জানুয়ারির শেষ দিকে সামিয়া পাশের কক্ষটি ভাড়া নেন। তাঁদের পরিচয় অল্পদিনের ছিল এবং সামিয়ার কোনো ব্যক্তিগত সমস্যার কথা তিনি জানতেন না। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।