হাসপাতালে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা, দেখতে গেলেন ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন

তানভীর আজাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নির্বাচনী গণসংযোগ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামীর আমির এনামুল হক। তিনি জানান, সকাল থেকে নিজ আসনে প্রচারণায় অংশ নিচ্ছিলেন মুফতি আমির হামজা। বেলা ১১টা পর্যন্ত তিনি স্বাভাবিকভাবেই কর্মসূচিতে ছিলেন। এরপর হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, প্রাথমিকভাবে তাকে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সম্পূর্ণ আশঙ্কামুক্ত। প্রয়োজনীয় চিকিৎসা শেষে দ্রুতই তাকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে মুফতি আমির হামজার অসুস্থতার খবর পেয়ে কুষ্টিয়া-৩ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার হাসপাতালে ছুটে যান। তিনি চিকিৎসাধীন অবস্থায় মুফতি আমির হামজার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, মুফতি আমির হামজা বর্তমানে সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছেন।
এ সময় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুফতি আমির হামজার আরোগ্য কামনায় দোয়া করছেন।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে অল্প সময়ের মধ্যেই তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।



