বিশেষ প্রতিনিধি করিমগঞ্জ  কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের সিপিসি-২-এর একটি আভিযানিক দল শুক্রবার সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখোলা ঘাট এলাকা থেকে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন— নাজমা আক্তার (৩৮) ও রিনা আক্তার (৩৫)। উভয়ের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায়। র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হেফাজত থেকে ২০ (বিশ) কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। র‍্যাব জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।