চীফ রিপোর্টার আজিজুল হক
প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, সরকার অতীত নিয়ে বিতর্কে না গিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় জোর দিতে চায়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“We don’t want to drive our car looking in the rear view mirror putting our gear in reverse. আমরা পেছনের দিকে তাকাব না।”
নিয়োগ বিতর্কে প্রশ্ন
সাংবাদিকরা অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন যে, অন্তর্বর্তী সরকারের সময় একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ব্যক্তিরা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে দায়িত্ব পেয়েছেন।
এ বিষয়ে নতুন শিক্ষা প্রশাসন কোনো ব্যবস্থা নেবে কিনা—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, সরকার অতীতের নিয়োগ বা সিদ্ধান্ত নিয়ে এখন প্রকাশ্যে আলোচনা করতে চায় না।
তিনি বলেন,
“আমরা সামনের দিকে তাকাব। তাই আমরা বিগত সময়ের বিষয়গুলো নিয়ে কথা বলব না, আমরা কথা বলব ভবিষ্যৎ নিয়ে।”
ভবিষ্যৎমুখী অঙ্গীকার
শিক্ষামন্ত্রী ইঙ্গিত দেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যকারিতা বাড়ানোই হবে বর্তমান মন্ত্রণালয়ের অগ্রাধিকার। অতীতের বিতর্কে না গিয়ে সামনের দিনগুলোর কর্মপরিকল্পনাকে গুরুত্ব দেওয়ার কথাই পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রথম সংবাদ সম্মেলনেই তার এ বক্তব্য শিক্ষা প্রশাসনে সম্ভাব্য সংস্কার ও নীতিগত অবস্থান নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, ভবিষ্যৎমুখী এ অবস্থান বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নেয় শিক্ষা মন্ত্রণালয়।




