নাঈম ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি   বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনায় নীলফামারীর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বাণী অর্চনা ও সরস্বতী পূজা। আজ ২৩ জানুয়ারি ২০২৬ ইং, অত্র প্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ পূজা অনুষ্ঠিত হয়। ইংরেজি প্রভাষক আসিস চক্রবর্তী স্যার–এর নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে পূজার আয়োজন সম্পন্ন হয়। মণ্ডপ সাজানো হয় বর্ণিল সাজসজ্জা, আলোকসজ্জা ও ধর্মীয় প্রতীকে, যা পুরো পরিবেশকে করে তোলে আনন্দময় ও পবিত্র। একাদশ শ্রেণির শিক্ষার্থী অন্তর রায় বলেন, “সরস্বতী আমাদের বিদ্যার দেবী। জ্ঞান, বুদ্ধি ও প্রজ্ঞা লাভের আশায় আমরা এই পূজা করি। দেবীর কৃপা অর্জনের জন্যই এই আরাধনা।”   অনুষ্ঠানে বাণী অর্চনা, পূজা-পাঠ, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয় ধর্মীয় অনুভূতি, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চেতনা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।