চীফ,রিপোর্টার আজিজুল হক 

দেশে আর ‘মব কালচার’ বরদাশত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ, বিশৃঙ্খলা সৃষ্টি বা জনদুর্ভোগ তৈরি করার সুযোগ দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেছেন।

বুধবার  সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক অধিকার থাকবে, বিশৃঙ্খলা নয়

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে। নাগরিকদের মিছিল-সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সংরক্ষিত থাকবে। তবে মব সৃষ্টি করে জনভোগান্তি তৈরি বা জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু পুলিশ নয়

সালাহ উদ্দিন আহমদ বলেন, অনেকের মধ্যে ধারণা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই শুধু পুলিশ। কিন্তু এ মন্ত্রণালয়ের অধীনে আরও বিভিন্ন সংস্থা দায়িত্ব পালন করে। তিনি পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, অতীতে বাহিনীর যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

দুর্নীতিমুক্ত মন্ত্রণালয়ের অঙ্গীকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সর্বস্তরে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির সহ্য করা হবে না। বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সরকারের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জনগণের স্বার্থ ও নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার।”