জাতীয় সংসদের প্রথম অধিবেশন দেশের সকল টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা গ্রহণের দাবিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে কিশোরগঞ্জ সম্মিলিত ছাত্র ঐক্য।
বুধবার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছাত্রনেতারা বলেন, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সংসদের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হলে দেশের সাধারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে আরও সচেতন হবে এবং সংসদ সদস্যদের কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
তারা আরও বলেন, সংসদের প্রথম অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক প্রক্রিয়া। তাই গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণকে সংসদীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে দেশের সকল টেলিভিশন চ্যানেলে তা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা প্রয়োজন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সম্মিলিত ছাত্র ঐক্যের মুখপাত্র মোঃ জগলুল হাসান চয়ন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল করিম নওশাদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি সালমান সাকিব, জুলাই ওয়ারিয়র্স সংগঠনের সোহাস হাসান, জেলা ছাত্র মজলিসের বাইতুল মাল সম্পাদক বরকত উল্লা, গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুদাসির তুসি সহ কিশোরগঞ্জের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
ছাত্র নেতারা আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং সংসদের কার্যক্রম জনগণের সামনে সরাসরি সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।




